পুজো যখন বহুমাত্রিক
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আমার উত্তর কাশফুল আর মায়ের মুখ;
জিজ্ঞেস করল পুজোর উদ্দেশ্য
কনফিউজড আমি, পরম ভক্তি না বাহ্যিক সুখ!
ও জিজ্ঞেস করল কীভাবে দুর্গা হওয়া যায়
হেসে বললাম, মা তো সবার মাঝেই থাকে;
তাহলে ঘরের মেয়ে আর বেশ্যার মাঝে
আপন ভাবিস কাকে?
কী যা তা বলছিস, ঘর রাস্তা বুঝি এক
না! না! একই বা হতে যাবে কেন!
আঁধার গলি পেরিয়ে আসলে পরেই
ঘরের স্নেহ ঠিকরে বেরোয় যেন...
ধুর, রাখ তোর আজগুবি সব খেয়াল
চল্ দুজনে মিলে কুমোরটুলি যাই;
বলল, কী হবে সেখানে গিয়ে
বললাম, দুর্গা সাজিয়ে তোর ফটো তুলতে চাই...
সে বলল কী হবে দুর্গা সেজে
বললাম ইনস্টাতে আর ফেসবুকে স্টোরি;
ও বলল, সেটা তো শুধু সাজেই দুর্গা
রিয়াল দুর্গা তো অনাহারে, ভীষণই কমজোরি...
কী বলিস তুই, মা দুর্গা আবার অনাহারে
ধুর তা আবার কখনো হয় নাকি?
প্ল্যাটফর্মে দেখিসনি শুকনো মেয়েগুলোকে
অবহেলার পেছনে দরিদ্রতাই দেয় ফাঁকি...
সে বলল, এবার পুজোয় কটি জামা?
হেসে বললাম চারটে, তবে আরও হবে দুটো;
ও বলল তপন কাকা প্রতিমা গড়ে
তবুও দেখ ওর টালির চালেই ফুটো!
বললাম সে তো অনেকেরই নেই অনেককিছু
তাহলে সমস্যাটাই বল খুলে;
বুম্বাদার ডায়ালগটা শুনেছিস তো
নেগেটিভি ডালভাতই আর তোরা লাক্সারিতেই ঝুলে...
আচ্ছা! আচ্ছা! সব বুঝেছি আমি
অষ্টমীতে সাউথ না নর্থ, বল কোথায় যাবি?
ওয়েল্ডেজ হোম আর একটা অনাথ আশ্রম
মিলিয়ে নিস, তুইও ভীষণ শান্তি পাবি...
হ্যাঁ, তুই কী যেন একটা বলবি বলেছিলি
আরে, শুভ এবার অসুর সাজবে চ্যানেলে;
কী হবে ওসব রিলের অসুর দেখে
মানুষই যখন অসুর, রাস্তায় কিংবা দুর্নীতির প্যানেলে...
আমি বললাম, থাম! থাম! কোথায় যাচ্ছিস
হেসে বলল, আমি তো তোদের মাঝেই আছি;
আলোকসজ্জা আর ধূপের গন্ধ মেখেই
এই যে দেখি তোদের, খেলিস কানামাছি...
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর