আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
ফোটোগ্রাফ

ফোটোগ্রাফ

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

কারো না কারো জন্য তো এই তাকিয়ে থাকা বলুন
অথচ বেগুনি ফুলে ভরা জাফরান খেতে
চোখ পেতে দেয় যে সব ক্যামেরা,
তালু উপত্যকা ঘুম করে আনে
ফোটোগ্রাফে ঝুঁকে আসে চিনারের পাতা
মায়া অঞ্জন শোনো, আপেলভর্তি স্বভাব নিয়ে
চোখের ভেতরে আমি কি দৌড়ে আসিনি বলো ?
গনগনে ফুল আর আখরোটের দিনে যে সব মৌপোকা
পেরিয়েছে বরফের দিন,
আমি কি খুলে দিইনি মধু তৈরির রীতি ও কৌশল?
ভ্রমনের ভেতর ঘুমিয়ে পড়েছে আজ সে সব কাহিনি
দুহাতে চেপে রেখে রাগের লালচে চোখ
লঙ শটে দাঁড়াচ্ছে এই দৃষ্টিপাত
আপনি দ্যাখেন যদি... চলে যাবার আগে
ফিরে তাকান যদি আরও একবার
রহস্যময় আরকে ডুবে যাবে লেন্স
বেড়াতে বেরোনো সব ফোটোগ্রাফে উঠে যাবো
হাওয়ার ক্লোজ আপে হেসে উঠবো ভঙ্গিমায়
চোখ শুধু চোখ কাজল ও চশমা ছাড়াই
উড়তে উড়তে মিশে যাবে বার্চের বনে
আপনার জুনিপার চিনারের পাতায় পাতায় ...

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা