আধ্যাত্মিক/ভক্তিমূলক কবিতা অন্ত্যমিল কবিতা
অবতার

অবতার

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

গভীর রাতে আকাশ জুড়ে হঠাৎ আলোবাহার;
দেবদূত আসি ডাকিছে মোরে, অপরূপ শোভা তার।
ভেবে গদগদ, হর্ষিত হয়, নাচে হৃদয় আমার;
কোন জনমের পুণ্য আজি চুমিছে মোর দুয়ার?

নত জানু নয়, ঝপ করে পড়ি চুমিনু চরণ তার;
কি বা নির্দেশ, কি বা সন্দেশ আসিয়াছে বিধাতার!
কহিলেন জ্যোতি, “আদেশ-উপদেশ কিছুই নেই দেওয়ার;
অবতার লব ধরণীতে ফের প্রহরী মানবতার।
তুমি তো দেখি গাঁথিয়া চলিছো কাব্য কথার হার;
কহ দেখি মোরে, কিরূপে লইব এইবার অবতার?”

থতমত প্রাণ, হঠাৎ যেন বরফ জমা পাথার;
উপহার নয়, প্রশ্ন এসেছে স্বয়ং বিধাতার!
প্রাণ হয়ে এলে রইবে না মান পক্ষহীনতার;
এবার প্রভু নির্জীব হয়েই আসুক অবতার।

নদীও জানি জগতের কাছে থাকে না সমান আর;
কোথাও ভাঙায়, কোথাও শুকোয়, মানুষের হাহাকার।
পর্বত চূড়া? নেইকো কোথাও প্রমাণ শুভ্রতার;
শত লাল কেন ছটবি হয়ে আছে বুকের গভীরে তার।
সাগরের কাছেও নেই তো জানি পুণ্য ফেনা বাহার;
বিষাক্ত সব বুদবুদেরা তার হয়েছে গলার হার।
সব বিধি ভুলে চাই মোরা প্রভু ল্যাম্পপোস্ট অবতার;
তা যদি না হয়, চাই না মোরা নতুন অবতার।

গলির ঐ নির্জন কোনের ভয় কাটুক এবার;
মানবতা যেথা লাঞ্ছিত হয়, মুখে মাখে আঁধার।
নিভে গেল জ্যোতি! আবাহনী যেন গভীর নীরবতার;
“বুঝিলাম বৎস! রহিল না কিছু কহিবার মতো আর;
শান্তির সব নিয়ম ভেঙেছে, হয়ে গেছে ছারখার;
কাজ নেই হেথা, চলিলাম তবে” — কহিলেন নিরাকার।
ভেঙে গেলো ঘুম, রাত্রি নিঝুম, গভীর অন্ধকার।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা