অমৃত মানুষ
পড়া: 15
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আমার কোনও ধর্ম নেই।
আমি এই শতাব্দীর
অন্যতম বিশ্বনাগরিক।
প্রত্যেক সীমান্তে আমি বিপ্লবের ইস্তেহার বিলি করি।
বিলি করি নাজিম হিকমতের কবিতা।
ছিঁড়ে ফেলি কাঁটাতারের অবিমৃষ্য বেড়া।
ভেঙে ফেলি চলাচলের বাধার প্রাচীর।
যে কোনও হত্যার বলি আমার বিবেক।
সসাগরা পৃথিবীতে আমারই প্রতিমা নিয়ে
প্রতিদিন বিজয়া-দশমী।
বলো দেখি, এত লাশ কোথায় রাখি!
আমাকে ক্ষুধিত রাখে কালাহান্ডির নিরন্ন মানুষ—
আবিসিনিয়ায় অকালে মৃত অভাগা জাতক।
চাবুকের লাঞ্ছনা বয়ে আমি চলি জুলিয়াস ফুচিকের কারাগারে
ফাঁসির দড়ির খোঁজে।
স্পষ্ট শুনি,
তেহেরানের রাজপথে রাষ্ট্রীয় সন্ত্রাসে হত কমরেড মূশো
আমাকে বলছে, শোন,
মনে রেখো, চিলির শহীদ আর ঘাতকের মুখ।
মনে রেখো, ইন্দোনেশিয়ায় লক্ষ লক্ষ হত্যাকাণ্ড।
মায়ানমারের পাহাড়ে জঙ্গলে,
সূর্যোদয়ের প্রতীক্ষায় অজাগর অমৃত মানুষ।
আমার কোনও গুরু নেই,
আমার কোনও শিষ্য নেই।
স্বয়ম্ভূ বিশ্বাস নিয়ে
পৃথিবীর পথে পথে পালাবদলের মালা ফেরি করি।
রক্ত মুছি, রক্ত দিই; ঘাম মুছি, স্বপ্ন দিই;
তিমির বিনাশ তরে উঠে আমি হিরণ্ময় অমৃত-মানুষ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার সংরক্ষিত আবৃত্তি শুনুন।

অমৃত মানুষ
কণ্ঠে: অভীষা বাগচী
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর