কৃষ্ণকলি
পড়া: 10
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সুবিশাল দোতলা ফ্লোরে আন্তর্জাতিক উড়ানের যাত্রীরা রাতজাগা চোখে
সিকিউরিটি ও ইমিগ্রেশন চেকিং সেরে এগোই হ্যান্ডব্যাগ কাঁধে
একসময় ঢুকে পড়ি বিমানপাখির আলো আঁধারি পেটের ভেতর
তিন বাই তিন সারবন্দি মেরুনরঙা সিট, মেরুন পোশাকের বিমানবালিকারা ব্যস্ত
এয়ারবাস এ-৩২০ জেট, টানা ছ-ঘন্টার উড়ানে যেতে প্রস্তুত,
আকাশের শোকতাপ নেই
দ্বিতীয়ার চাঁদ স্কুলে আসেনি সে দিন,
চঞ্চলমতি তারাদের দখলে মাঝরাতের আকাশ
দৈববাণী শুনি, উড়ানের নিয়মকানুন, সিটবেল্ট কোমরে এঁটে শরীর এলিয়ে বসি
ঘোরতম কৃষ্ণাঙ্গি এক বিমানবালিকা, ঝুঁকে ঝুঁকে উঁকি দিয়ে দেখে-
ঠিকঠাক বসেছে কিনা মাননীয় যাত্রীরা
তার চোখে চোখ রেখে চকিত হাসির মুহূর্তে,
হাসি ফিরিয়ে দিতেও ভুল হয়ে যায়-
এই বুঝি কবির 'কৃষ্ণকলি', আফ্রিকান তনয়া, কালো হরিণ চোখ!
গুড় গুড় শব্দে হাঁটা দেয় বিমানের চাকা, শরীর কাঁপে,
ডানে ঘুরে দাঁড়ায় রানাপে
তারপর ছুট ছুট আর ছুট, আঃ ভারহীন ভেসে পড়ি অদৃষ্টের কাঁধে
মেঘেদের ছাড়িয়ে অনেক ওপরে, আমাদের লাটাই কার হাতে ধরা?
লাট খেতে খেতে উড়ে যাবে না তো, এক ছাত থেকে আর এক ছাতে?
কোন বালকেরা অলিগলি বেয়ে পিছু নেবে? প্রিয় মুখখানি ভেসে ওঠে
কাচের জানলায় মুছে যায় কলকাতা নগরীর সব আলো, রাতের তারারা ভাস্বর
তাদের উঠোনে বেড়াতে এসেছি, অথচ তারা সব দূরে দূরে,
দরজা খুলে কেউ ডাকছে না ঘরে
কৃষ্ণকলি জানলার শাটার নামিয়ে দিতে এলে, অসহায় চেয়ে থাকি
ভাবি, রক্তখচিত এই নির্মল অন্ধকারের দেশে কখনো কি আবার দেখা হবে?
শাটার নামিয়ে দু-চোখের পাতা বন্ধ করে কৃষ্ণকলি বললে-
এবার, একটা সুন্দর স্বপ্ন দেখতে থাকুন
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর