সামাজিক কবিতা গদ্য কবিতা
কৃষ্ণচূড়া

কৃষ্ণচূড়া

পড়া: 10 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

অমল বসু

গতবছর ছোঁয়া বাঁচিয়ে দূরে দূরেই ছিলে, নাওনি প্রণাম
কথা ছিল মহামারী শেষে দেখা হবে আত্রেয়ীর ঘাটে
তোমার কবিতা ও গান কান পেতে শুনবে শ্রোতস্বিনী
বুড়োবট আজ ছায়া পেতে অপেক্ষায় আছে নিশ্চিত

পাখিরা ভোরের গান গেয়ে রোজের দানাপানির খোঁজে
বৈশাখী মেঘ ধুয়ে দিয়ে গেছে চৈত্রের ধুলোবালি
নির্লিপ্ত প্রকৃতির সবুজ খোপায় ফুটেছে খুশির ফুল
ঘরবন্দি জনপদে বাসা বেঁধেছে ভয়, মৃত্যুর ভীষণ ভয়

প্রতিদিন প্রিয় প্রতিবেশী, স্বজন বিয়োগে মৌনী হয়ে যাই
কে বলে, মানুষ মরে গেলে তারা হয়ে চেয়ে থাকে স্থির
এক আকাশ অন্ধকারে অযুত তারায় কাউকে পাইনি
তবু চেয়ে থাকি ঘন হয় রাত ভোর হলে পঁচিশে বৈশাখ

আশৈশব অভ্যাসে গেয়ে ওঠে প্রাণ, বাঙালির অহংকার
ফুরিয়ে যাচ্ছে প্রাণবায়ু খাবি খাচ্ছে জীবন বিমুখ শ্মশান
আজ একটা কৃষ্ণচূড়া লাগিয়েছি তার পাশে আর একটা
ওরা মাথা তুলবে আকাশে সবুজ ডালে লালফুলের ভার

বুড়োবট আজ ছায়া পেতে অপেক্ষায় ছিল ঠিকই
ছায়া ঘন হতে হতে রাত্রি, রাত্রির কোলে চিতায় স্বদেশ!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা