পরিবারকেন্দ্রিক কবিতা গদ্য কবিতা
৩রা শ্রাবণ

৩রা শ্রাবণ

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

লাউশাকে নুন দিবি কম
সামান্য মিষ্টি নামানোর আগে
সিঁথে এত বেঁকে যায় তোর আঙুল নাড়িয়ে বলে মা
অথচ দিনদিন সে হারিয়ে ফেলছে সব্বার মুখ
চেনা মানুষের ডাক রহস্য গল্পের মতো
নামিয়ে রাখছে বালিশের পাশে
ড্রয়ারে বিড়বিড় করে মলিন পাশবই
উথলোনো দুধের মতো শাদা হয়ে যাচ্ছে স্মৃতি
সিঙ্কের ধারে একফালি জোছনা
তাই ঘসে ঘসে মুছে তুলছে
এলাচের কৌটো ভর্তি বিবাহ ঋতু তার
শোন খুকি, বাদুলে বলত ওরা
তেসরা শ্রাবণ কী বিষ্টি কী বিষ্টি
মেঘে মেঘে ভিজে মৌরি ছড়াতে ছড়াতে মা গাইছে
জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া...

খোলা চুলে ভাসাচ্ছে বাতাসের সিঁড়ি
দুহাত ডানার মতো ছড়িয়ে বলছে
ধর ধর ঝড়ে উড়ে যাচ্ছে তো সব গান
একটা কিছু কর খুকি
শুনতে শুনতে দু'কলি সুর হাতে করে
দৌড়োচ্ছি উমনো ঝুমনো মাথায়
গানের সিঁথে কাটতে গিয়ে দেখছি মুখ নেই
ফুরফুর করছে শাদা হাওয়া
লাল টিপের মতন ভোরের কপালে
আমি হারিয়ে ফেলেছি মা'র মুখ
প্রকাশনা তথ্য: উৎসর্গ: মাকে

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা