অমৃতা
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কিমহং তেন কুর্যাম্।”
ঋষি যাজ্ঞবল্ক্যের প্রতি মৈত্রেয়ী
প্রতিদিন একটু একটু করে মরি।
অল্প অল্প করে রোজ মরে যাই।
তবু মৃতার প্রতি আপনার আচরণ
আমায় আহত করে ভদ্র।
মাঠ কোঠা লাইব্রেরির সিঁড়িতে বসে
আয়নায় মুখ দেখছে খেনি পাগলি।
বুনো রাত জমাট বেঁধেছে চুলে
নির্জ্ঞান স্মৃতির পেছনে টলমল করে সাঁকো,
ভাঙা কাচে খসে আসে মেধা ও মনন।
সম্পদ অমরত্ব দেয় ঋষি?
পুবমুখো হাত পেতে দাঁড়াই তবে।
বসুধার কোন ধন আগুনের আখর চেনায়।
অন্ধকার উঁচু হলে এ বুকের শাদা শিখা
মিশে যায় নাকি আলোর নিভৃত আয়োজনে?
মাটির শেকড়ে জল।
জলের ভেতর কত নির্নিমেষ আকাশ ওড়ে।
মগ্ন সে মাটির পথে সঙ্গে নিন।
খড়কুটো দিন নয় আমাকেও দিন প্রভু শূন্যের অপার।
অধিকারহীন স্মৃতি ছুঁড়ে ফেলে নির্জন মৈত্রেয়ী।
অপারগ মুনি দেখেন হেঁটে যাচ্ছে বিস্মরণ
যুগান্তরের পথে অলীক যোজন।
খেনি ঘুমোলে দুঃখী এক মেঘ ঝরে আয়নায়।
স্মৃতিরা পাথর হলে নির্বাসন
নামিয়ে রাখো পথের যে কোনো ধারে।
হাওয়ায় উড়ে যাক দিগন্তের ঘোর লাগা টুটাফাটা আঁচল।
বৃষ্টির বিছানায় খিলখিল হাসে অভিমান।
যা অমৃত নয় তা দিয়ে কী করব আচার্য?
জলকাদা ছাপ তুলে পাগলির ভবঘুরে পা দুখানি
শ্রুতির শাদা শ্লোক পার হয়ে যায়...
ছন্দ ও আলো ফোটে না লেখা ভুবনের সমস্ত কবিতার গায়...
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর