সামাজিক কবিতা গদ্য কবিতা
নষ্ট খেত

নষ্ট খেত

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

আমি কি কুড়িয়ে পাবো জল?

পিষে ফেলবো গনগনে ক্রোধ আর
বিরহ থেকে ঝরে যাবে তাবৎ নুপুর বিলাস
শববাহী গাড়ি আজ আসবাব বইছিল শহরে
মৃতদের বসবাসের খবর এনেছে হাসিখুশি ড্রাইভার
খাট আলমারি ও লোহার মইসমেত
এত ভার বইতে পারে ভাষা বলো?

বিশেষত খবর আছে অকালবৃষ্টিতে ভিজে গেছে সমস্ত কাঠ আর শ্মশানে চুল্লীটিও খারাপ

থাইমেট খেয়ে যে চাষী মরেছে কাল
শব্দ পুঁতেছে আজ ভাঙা স্বপ্ন তার
জল থেকে উঠে এলো নষ্ট ফসলের খেত
ভুল শব্দে মাথা ঠুকে ঠুকে ভেঙে যাচ্ছে ক্রোধ বিষের হলুদ বমি ও হতাশা
আল কেটে সরাচ্ছে বাণভাসি চাঁদ
তার কাঁচা রক্তের লাল...

আমি কি কুড়িয়ে পাবো জল?

শয়তানের মতো ফিসফিসিয়ে বলবো
মৃতকে উন্নত করেন মা পৃথিবী
ওই দ্যাখো মেঘ নামালেন পিতা দ্যৌ
বর্ষার শাদা রেতঃপাতে ফুলে উঠছে মাটির স্তন
নষ্ট গর্ভ তবু মরা খেতে ঝরে গেছে শব্দের শব
ধ্বনিময় বোবা তার হাসি
লাঙলের ফালে মধুমতী মেয়ে নয়
উঠে আসে ফাঁকা থাইমেটের শিশি।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা