শ্রীচরণেষু বিদ্যাসাগর
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কয়েকদিনের একটানা গুমড়ানো কান্নার পর
একমুখ হাসি নিয়ে আড়মোড়া ভেঙে
উঠে বসল নীলাকাশ, তখন সাদা মেঘের
আড়াল থেকে সোনালি রোদ মুখ তুলে তাকালে
সামনে আপনার দুশোতম জন্মদিবস
পালন করব বলে তর্পণের ডালা সাজিয়ে বসেছি
অনেকদিন আপনার সঙ্গে দেখা নেই
তাই অলস সময়কে পাশে সরিয়ে আপনাকে লিখছি.......
সেই দুশো বছর.... ১৮২০-র ২৬ সেপ্টেম্বর
যে শিশু জন্ম নিয়েছিল....তাঁর সঙ্গে পরিচয় শৈশববেলায়
বর্ণমালায় হাত রেখে
সেদিন ঈশ্বরকে না পেলেও
গঠনের শুরুতে পেয়েছি বিদ্যাসাগরকে
অবাক হয়ে দেখেছি তাঁর হাতে গড়া বর্ণপরিচয়
প্রতিটি লালিত পৃষ্ঠায় আঙুলের ডগা ডুবিয়ে
খুঁজেছি বর্ণমালার নিহিত নির্যাস
পায়ে পায়ে হেঁটেছি তাদের দেখানো পথ ধরে
হেঁটেছি আর দেখেছি...... আমারই মতো এক শিশু
গুটি গুটি এগিয়ে চলেছে তার পিতার হাত ধরে
মাইল ফলক থেকে তুলে নিচ্ছে একে একে সংখ্যা চেতনা
আজ আমরা যখন গর্ব ভরে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই
শৈশববেলায় আপনার মাতৃভক্তি আমাদের বিব্রত করে
শুনেছি..... মা-র একটা ডাকে ছুটে গেলে
আপনার গতির সামনে
উত্তাল নদ পর্যন্ত নতজানু হয়
শুনে রাখুন বিদ্যাসাগর, আমরা এখন এত সহজে
নতজানু হতে জানি না......
আমাদের সামনে আছে অঢেল বৈভব
যে অহংকারে মানুষকে তুচ্ছাতিতুচ্ছ করতে পারি
পড়শির ঘর তছনছ করে আঙু্লের এক চুটকিতে
সব আলো নিভিয়ে নিজের ঘর করি আলোময়
এ নিয়ে অবশ্য কখনই অনুশোচনা হয় না
শুনুন বিদ্যাসাগর, নারীদের লেখা পড়ার জন্য
আপনি হয়তো অনেক লড়াই করেছেন
সাকসেসও পেয়েছেন অনেকটাই
কিন্তু আপনি কী জানেন ?
যে নারীর জন্য আপনার এত লড়াই
সভ্যতার উন্নত আলোকে সে নারী ধর্ষিতা হয়
তারপর খুন কিংবা পুড়ে মরতে হয়
বাল্যবিবাহ-বধূহত্যা-নির্যাতন এখনও বহাল
কেবল কাগজে-কলমে সব সুন্দর
কার শিক্ষা, কাদের শিক্ষার জন্য নির্মাণ করেছিলেন বর্ণপরিচয় !
কাদের শিক্ষার জন্য আপনার সোত্তরবছরের ত্যাগ - তিতিক্ষা?
যে দামোদরকে আশৈশব দেখেছেন, চিনেছেন
সেই দামোদরের বুক বেয়ে কত জল বয়ে গেছে
তার বুকে আজ স্রোতহীন হতাশার চরা
আর আপনার ভালোবাসার বর্ণপরিচয়
যার হাত ধরে সেদিন শত শত শৈশব
দেশ-দশের মুখ উজ্জ্বল করেছিল
তাদেরই উত্তরসূরীরা বৈভবের অহংকারে
সেই বর্ণপরিচয়ের শরীরে
ব্যাকডেটেট তকমা সেঁটে দিয়েছে
বাংলা বলতে গিয়ে কেমন একটা অস্বস্তিতে ভুগতে থাকে
এখন আমাদের সামনে ইংরেজি বর্ণমালার রবরবা
সমাজের অলি-গলিতে ব্যাঙের ছাতার মতো
মা-র মন্দির ভেঙে গড়েছি রং-চঙে বিমাতার ঘর
আমরা শৈশববেলাকে বিকিয়ে দিয়ে
কত সহজে বলতে পারি শুনুন ম্যাডাম!
আমি চাই, সে যেন সহজেই ভুলতে পারে নিজের পরিচয়
দেখুন বিদ্যাসাগর, আমাদের অহংকার কেমন উচ্চতায় পৌঁছে গেছে
আজ কত সহজে...... কত সুন্দর করে
অন্যকে নকল করতে গিয়ে
নিজের পরিচয়ও মুছে ফেলতে পারি !
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর