কথপোকথন : মৃত্যু ও আমি
পড়া: 8
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
১
কলিংবেলে আঙুল রেখে দাঁড়ালো সে
গ্রিল খুলতেই বলল, চলো
বললাম, ভেতরে এসো
সে চোখ রাঙালো, জলদি কর সময় নেই
আমার মাথায় আগুন, শোনো, বিরক্ত কর না
সে চিৎকার করে বলছে, নানা কু-কথা
থাপ্পড় কষিয়ে বললাম, হিস....
কান ধরে নিলডাউন হও
২
তার সঙ্গে কথা হল অনেক
ফেলে আসা দিন, স্বজন - বন্ধু, ভালোবাসা
কত কথা হল , কত প্রেম
শিশিরভেজা রাত পাশে নিয়ে
সুকতারা ভুলকি দিতেই -
সে বলল, চলো এবার যাই
যাই বলতে নেই..... এসো
কাজ যে শেষ হয়নি...........
৩
পাশাপাশি হাঁটছিলাম, বন্ধুর মতো
হঠাৎ ল্যাং মেরে বললে
এই নে শোধবোধ,
অনেক হল, এবার চল.......
আমিও হালকা মারলাম টুক
পড়ল এমন হুমড়ি খেয়ে
কটমট তাকাল যেই
হেসে বললাম, যাব না..........
৪
বাথরুমের দরজাটা হালকা হাতে খুলতেই
কেউ আমার পায়ে টোকা মারল
ফিরে তাকাতেই
উপেক্ষা ছড়িয়ে
খিকখিক হেসে বলল - আমি.........
সিধে বুড়ো আঙুল দেখিয়ে বললাম - এই নে........
৫
সে আসে প্রতি রাতে,
কথা বলে ভালো মন্দ
পাশে শুয়ে জানতে চায়
সংসারের টুকিটাকি
ভাগ নিতে চায় দুঃখ - কষ্টের
শুনতে শুনতে চিড়বিড় করে রাগ
লাথি মেরে বলি
খুব যে দরদ দেখাচ্ছিস
হারামজাদা .....
৬
তুই যতই কেড়ে নে আমার সকাল - বিকেল
কেড়ে নে সম্ভাবনাময় সময়, রাতের বিছানা
কেড়ে নে স্বজন-পরিজন
কোনোভাবেই তোকে আমি মাথায় তুলব না
তোর স্থান আমার পায়ের চটিতে......
৭
পায়ে পায়ে চলমান দিন
আত্রাই- এর জল ছুঁয়ে
সারি-সারি জলন্ত চিতার
আগুনকে বুকে নিয়ে
হাঁটুজলে নামি,
তাকাই পশ্চিম আকাশে
জ্বলন্ত সূর্য নিভুনিভু, দু-চোখ ভরা জল
সব সঞ্চয় সেই জলে জমা রেখে বলি,
আমাকে শুদ্ধ করো
৮
মর্ণিং ওয়াকে সূর্য ওঠা মুহূর্তে দেখা হল
সরোজসেতুর রেলিং- এ হেলান দিয়ে দাঁড়িয়ে
হেসে বললাম : কী হে, একা কেন
খেঁকিয়ে বলল - তোর জন্য
-- তাই, ম্যাজিক দেখবি, দেখ......
গিলি গিলি গো....... ফটাস
ব্যাটা সো-- জা সেতুর নীচে অথৈ জলে......
৯
সকালে জানালাটা খুলতেই
সেই পিত্তি জ্বলা হাসি
গরাদে মুখ, বলল-- চল
নিজেকে সামলে,
কানটা ধরে ভেতরে এনে বললাম,
জুতো জোড়া ব্রাশ করো........
১০
সন্ধ্যায় সে এল বধূবেশে,
সলাজ হেসে পাশে বসল
কথা হল প্রেম ও অপ্রেমে
কথা হল বন্ধুত্বের, আরও টুকিটাকি
বসতে চাইল মাথায়
আলতো নামিয়ে বললাম,
কুকুরের স্থান দরজার বাইরে
১১
সকালে বাজ পড়ার শব্দে দেখলাম
প্রিয় কলমটা ফ্যানের সঙ্গে লটকানো
কিছুদিন যাবৎ ওর কোথাও একটা কষ্ট
সান্ত্বনার স্টক না থাকায় দিতে পারিনি
সুইসাইডালে ঝরঝরে বয়ান
কেহ দায়ী নহে
স্টক কম, বরাদ্দ বলতে
শুধু এক মিনিট নীরবতা
১২
চোখ খুলতেই দেখলাম
মৃত্যু দাঁড়িয়ে
অনুনয়ে হাত কচলে সে বলল,
আমি পথ দেখাতে এসেছি
সামনে ভীষণ অন্ধকার
হাসি পেলো খুব
-- শালা
আমি তো দেখছি তোর পথই
অন্ধকার.........
১৩
শোন মৃত্যু,
বড়ো বেশি বাড়াবাড়ি করছিস তুই
সাবধান, জীবনকে এতো ছোটো ভাবার কিছু নেই
একটা সমুদ্রের চেয়েও
সে যে অনেক বড়ো
আর এক পা এগিয়েছিস,
তবে নে.... ডুবে মর
১৪
তুই আছিস, আমিও তাই
মাথা উঁচু দাঁড়িয়ে
তোর জন্যই আমার এই অহংকার
পথ চলা
ভালো থাকিস বন্ধু.......
হাসছিস কেন?
কি ভাবছিস, ভয় পেয়েছি!
বেকুব, তুই একটা
আস্ত হারামজাদা.......
১৫
তুই অ্যাতো হ্যাংলা কেন রে?
আর কত রূপ বদলাবি!
ডেঙ্গু-এইডস, তার আগে
কলেরা-বসন্ত কত সব মহামারি
এখন আবার ভেগ ধরেছিস করোনায়
এমনিতেই মরছি নানা জ্বালায়
অনেক নিয়েছিস, সরে যা বলছি
নইলে আমার থেকে কেউ
খারাপ হবে না
১৬
আহারে, এমন মন ভেঙে বসে আছিস?
তোর হাতে রাখী বাঁধবার কেউ নেই!
আয়, আমি আছি তোর বন্ধু
যদিও অনেক ক্ষতি করেছিস
অসময়ে ছিঁড়েছিস হৃদপিণ্ডটাকে
তবু তোকে ভালোবাসি
কেন জানিস, একদিন
তোকে জড়িয়েই যে যেতে হবে
১৭
বারের খেলায় সামিল হয়েছি আমরা দুজন
দর্শক আসন থেকে ছুটে আসছে হাততালির বহর
যেন ভাসানযাত্রায় খুশির লংকা পটকা চিড়বিড় ফাটছে
আকাশ ছোঁয়া সামিয়ানার নীচে
দু-পাশের দুই রিং-এ ঝুলছি আমরা
হাত ছাড়লেই একবার ও একবার আমি
ধরছি ছাড়ছি.... ধরছি ছাড়ছি....
হাততালি স্রোতের আনন্দ মাঝে
আমার হাত ছেড়ে দিয়ে হাসি মুখে
হঠাৎ, করে বসল বেইমানি
আমি ভাসছি......ভাসছি......
ব্যাটা ভাবতেই পারেনি
আমার শরীরে আছে অদৃশ্য হাওয়াবেলুন......
১৮
দুজনে হাঁটছি বন্ধুর মতো
হাসছি হেলেদুলে ঢলাঢলি করে
কী হল! কথাবার্তা নেই
আমার মাথাটা ধরে
বোঁ-করে ঘুরিয়ে দিল
পড়লাম মুখ থুবড়ে
তক্ষুনি একটা শববাহী গাড়ি
আমার উপর দিয়ে শাঁই করে চলে গেল
আসলে আমি পড়ছিলাম রাস্তার মাঝ বরাবর
গাড়ি যেতেই বুড়ো আঙুল দেখিয়ে বললাম,
কেমন আছিস রে.........
১৯
সেই যে কাঁঠাল গাছতলায়
আঁতুড়ঘরের মেঝেতে পড়া মাত্র সঙ্গী হয়েছিল
সে বন্ধন আজও অটুট
জ্ঞান হবার পর থেকে জেনেছি
সুযোগ পেলেই ও আমার ক্ষতি করবে
তবু ওকে নিয়েই আমার দিনরাত্রি
আমার সকাল-বিকাল, আনন্দ-বিষাদ.....
২০
বেশ কিছুদিন ব্যাটা বড্ড জ্বালাচ্ছে
ছিল বন্ধু হয়ে পাশে পাশে
সুবিধে করতে পারেনি তাই
ঢুকল গিয়ে গলায়
তারপর দিন নেই রাত নেই
জ্বালাতে লাগল
একদিন গরমজলে দিলাম ছ্যাঁকা
ব্যাস, আর কোথায় যায়
বাবারে মারে বলে ছুটে গিয়ে ঢুকল নাকে
এবার সুড়সুড়ি দিতেই...... হ্যাঁচ্চো
ছিটকে পড়ল শুকনো মাটিতে
বললাম, দ্যাখ ব্যাটা কেমন লাগে
২১
সারাদিন কুটকচালি করতে করতে
কখন দিন ফুরিয়ে এসেছে,
টের পেলাম পা বাড়াতে গিয়ে
টানটান শুয়ে অন্ধকার
হুমড়ি খেয়ে পড়তে গিয়ে
এক ঝলক আলো এসে ধমক দিয়ে বলল,
সোজা হয়ে দাঁড়া.......
২২
দ্যাখ মৃত্যু, এইমাত্র পিতৃ তর্পণ সেরে
মায়ের পায়ের কাছে নত হয়েছি
কী ভাবে অন্ধকার ল্যাজ গুটিয়ে মুখ ঢাকছে
আর মহিমান্বিত এক আলো আমাকে ঘিরে
শাশ্বত উচ্চারণ ঢাল হাতে দাঁড়িয়ে
আহা-রে তোর শুকনো মুখটা দেখে খুব কষ্ট হচ্ছে
২৩
এতকাল যা তা কথা বলে
মৃত্যুকে তাড়িয়েছি
এবার রক্তাক্ত সকাল বিকেল দেখতে দেখতে
মনে হল নাঃ, থাকার চেয়ে যাওয়াই সুখের
মনখারাপ নিয়ে
মৃত্যুর কাছে যেতেই
উল্টে গালে থাপ্পড় মেরে
আমার কথা আমাকে ফিরিয়ে বলল
ভাগ শালা......
২৪
কোথায় গেলি রে হতভাগা
মেরেছিস বলে কি ভেবেছিস
তোর উপরে রাগ করেছি
বড্ড ঘুম পেয়েছে, খুব ইচ্ছে
আয়, একসঙ্গে জড়িয়ে ঘুমিয়ে পড়ি
মা যে বলল, তুই আর আমি
দুই ভাই
তবে কেন, চল এক সঙ্গে শ্মশানে যাই........
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর