গোলাপ নিয়ে হাতে
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
আঁধার মাখি রাতে;
চোখের কোণায় লবণ গলে
স্বপ্ন ভাঙা প্রাতে।
শূন্য পথে দাঁড়িয়ে আছি
গোলাপ নিয়ে হাতে;
যোগ্য সে হাত বাড়াবে তুমি?
থাকছি প্রতীক্ষাতে।
সেদিন যখন ভীষণ রবে
পলাশীর প্রান্তরে;
স্বাধীনতার শেষ সূর্যটা
ডুবেছিল অবসাদে।
তখনও আমি দাঁড়িয়ে ছিলাম
গোলাপ নিয়ে হাতে;
শয়তানেরাও মুখ ঢেকেছিল
দুঃসহ লজ্জাতে।
আবার যখন মাঝ দুপুরে
তাইহোকু নাটকে;
বঙ্গবাসীর গর্বকথা
ঢেকে যায় রহস্যতে।
সেদিনও আমি দাঁড়িয়ে ছিলাম
গোলাপ নিয়ে হাতে;
সরুক পর্দা, খুলুক জট,
সূর্য হাসুক প্রাতে।
সময় যখন থমকে দাঁড়ায়
আঁধার কালো রাতে;
নির্ভয়ারা অভয় খোঁজে
তীব্র যাতনাতে।
তখনও সেথা দাঁড়িয়ে থাকি
গোলাপ নিয়ে হাতে;
শক্ত সে হাত উঠুক এবার,
থাকছি প্রতীক্ষাতে।
কিংবা যখন তীব্র ক্ষুধায়
ঘিঞ্জিতে বস্তিতে;
সদ্য যুবক তারা গোনে
কাজ না পাওয়ার দুখে।
তখনও আমি দাঁড়িয়ে থাকি
গোলাপ নিয়ে হাতে;
কোন সে গোলাপ দেবো বলো
শূন্য খাবার পাতে।
সময় যখন চাবুক সানায়,
ফায়দা লেখে ছকে;
মাটির মানুষ মাটি জমায়
ভীষণ শূন্য বুকে।
কিংবা চরম সুখের খোঁজে
ঘুমায় দড়ির ফাঁকে;
তখনও আমি দাঁড়িয়ে থাকি
গোলাপ নিয়ে হাতে।
আমি অভাগা ভারত ভূমি,
কাঁটা কুঁড়োই রাতে;
সন্তানেরা অভুক্ত যে
বিভেদ মাখা ভাতে।
গোলাপ হাতে দাঁড়িয়ে আছি
অসীম প্রতীক্ষাতে;
গোলাপখানা দেবো শুধু ঐ
সাম্যবাদের হাতে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর