জীবনমুখী কবিতা গদ্য কবিতা
দেখা না দেখার গান

দেখা না দেখার গান

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

তুহিনশুভ্র মণ্ডল

তুমি অজয় কিংবা কংসাবতীর চরে কাশফুলের মেলা
দেখেছো?
সাদা হয়ে থাকা নদীর উঠোন?
দেখো নি?
এই যে বললে জীবনের সব দেখা হয়ে গেছে?

রাতের বুকের ভেতর থেকে সকালের ফুটে ওঠা দেখেছো?
যেভাবে অন্ধকারের গভীর থেকে
আলো ফুটে ওঠে?
দেখো নি?
তাহলে যে বললে জীবনের সব দেখা হয়ে গেছে ?

তুমি জীবনে 'অপেক্ষা' দেখেছো?
নদীর গায়ে গা লাগিয়ে
যেভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকে
সাদা বক?
চাকরি নিয়ে ছেলে বাড়ি ফিরবে বলে অপেক্ষমান
অবসরপ্রাপ্ত বাবাকে দেখেছো?
কিংবা বিয়ে হয়ে যাওয়ার পরে
মেয়ের অপেক্ষায় থাকা বাবাকে?
দেখো নি?
এই যে বললে জীবনের সব দেখা হয়ে গেছে?

অপেক্ষা বড় বিষাদ-মধুর।
যুদ্ধে মৃত সেনা জওয়ানের
জন্য অপেক্ষায় থাকা স্ত্রীকে দেখেছো?
বিদেশ থেকে ছেলে ঘরে ফিরবে বলে দীর্ঘদিন অপেক্ষায়
থাকা মাকে?
দেখো নি?
এই যে বললে জীবনের সব দেখা হয়ে গেছে?

তাহলে তো তুমি ভালোবাসার মিষ্টি আগুনে পুড়তে থাকা
কোনও নারীকে দেখো নি!
যে উত্তেজনা আর আশঙ্কায় রাত কাটায়!

আকাশের বিশাল থেকে
শালুক ফুলের দেহে এসে বসা
কোনো নাম না জানা
পাখি দেখেছো?
যেভাবে জীবনের শরীরে
বসে থাকে শৈশব?
দেখো নি?
তাহলে যে বললে জীবনের
সব কিছু দেখা হয়ে গেছে তোমার?
তাহলে?

জীবনে কত কিছু দেখা হয় না
আমাদের
তাই না!
নাকি হয়!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা