যেতে হবে
পড়া: 223
ডাউনলোড: 5
প্রিন্ট/PDF: 2
তবুও যেতে হবে—
এই যাওয়ায় কোনো ইচ্ছে নেই,
আছে নিয়তির নীরব ফরমান।
এই আমন ধানের শীষকে
শেষবারের মতো বুকে জড়িয়ে,
শিশির ভেজা ফুলকপির চারাকে
অন্ধকারে পুঁতে,
বেগুন গাছের গোড়ায় শেষ বালতির জল ঢেলে
যেতে হবে।
যেতে হবে
আলতা দীঘির হিমজল পেরিয়ে,
কুশুম্বার ঘুমন্ত ইতিহাসের পাতা ঘেঁটে,
টাঙন নদীর কটিদেশ নিঃশব্দে ডিঙিয়ে,
পূর্ণভবার উথাল-পাথাল যৌবন সাঁতরে
যেতে হবে
এমনকি, যেতে হবে
বাণগড়ের পোড়া ইটের ধুলো কপালে মেখে,
আত্রেয়ীর দুই পাড় চুঁইয়ে,
নলডাঙ্গার জনপদ মাড়িয়ে; নাটোরে —
সেখানে অর্ধবঙ্গেশ্বরীর জংধরা তলোয়ারখানি
ধুলো থেকে তুলে;
পদ্মার কাচা বালিতে ঘষে,
হাজার বছরের ঋণ মিটিয়ে;
ফের মানুষের পাশে দাঁড়াতে
যেতে হবে,
যেতে চাইনি,
তবুও যেতে হবে...
আর যেতে হবে বলেই
নক্ষত্রের কাছ থেকে এক মুঠো
আলো ঋণ নিয়ে,
অন্ধকারের বুক ছিন্নভিন্ন করে—
চলেছি;
যুগ থেকে যুগান্তরের পথে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
পাঠকের আলোচনায়
মন্তব্য ও উত্তর
মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
প্রবেশ করুন →
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
অসাধারণ একটি কবিতা। ভালো থেকো সবসময়।