আদিমতা
পড়া: 24
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
জন্মের সন তারিখ
পাথরের বুকে পাথর ঘষে
প্রথম আঁচড়, প্রথম দাগ —
পাথরের বুকের ওপর
প্রথম ক্ষতের লাল সেলাই।
তারপর আঁকাবাঁকা দাগগুলো
জমাট বেঁধে জন্ম দিল :
এক একটি শব্দ —
অন্ধকার গুহার পেট থেকে
বেরিয়ে আসা
প্রথম আলোর ছানা।
যে শব্দ
আমার পূর্বপুরুষের খিদে মেটাত,
যে শব্দ ছিল ক্ষুধার্ত পেটের প্রথম রুটি,
যে শব্দ শুনলেই
চোখের ভেতর জেগে উঠত
আদিম শিল্পের জাদুঘর —
চোখের ভেতর ঘুমিয়ে থাকা
এক পুরোনো কবরখানা প্রাণ পেত,
ভেসে উঠত প্রথম আগুন ধরিয়ে
রাত্রি যাপনের চিত্রকলা —
রাতের আঁধারে জ্বলে ওঠা
প্রথম প্রদীপের ছবি।
সেই শব্দই আজ
আমার জিভে এসে বসেছে —
যেন এক পরিযায়ী পাখি এসে
বাসা বেঁধেছে জিভের ডালে,
আমার হাতের আঙুলে
এখনো
সেই পাথর ঘষা দাগের ক্যাপশন —
আর আঙুলগুলো এখনো
সেই আদিম কলম,
শুধু পাথরটা বদলে গেছে,
দাগটা বদলায়নি —
পাত্র বদলেছে,
বদলায়নি ক্ষুধা।
কে বলেছে
প্রথম আঁকা এবড়োখেবড়ো দাগগুলো
কবিতার শিরোনাম নয়?
ওগুলো তো ছিল
ভাষার প্রথম মায়ের
কপালের টিপ,
তার অন্তর্নিহিত কোনো অর্থ নেই,
নেই কোনো মাধুর্য?
না পড়েই, পরীক্ষা না করেই
যারা বলে —
ওই দাগগুলো নিছকই দাগ মাত্র,
ভাষার আদি জননী নয় —
কে বলতে পারে
যে ওই দাগগুলো শুধু দাগ ছিল না,
ছিল আমাদের বংশপরিচয়ের আদিম চিহ্ন —
ছিল আমাদের শেকড়ের প্রথম মানচিত্র।
যে চিহ্ন মুছে গেলে
আমাদের জন্মের সন তারিখও মুছে যাবে।
হয়তো, হয়ে পড়ব
অন্য গ্রহের জলহীন জড় পদার্থ —
শুকিয়ে যাওয়া নদীর বুকে
পড়ে থাকা এক টুকরো নুড়ি।
(১৪.১১.২০২৬ : রাত ১ টায়)
প্রকাশনা তথ্য: অপ্রকাশিত।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর